১৬ জেলায় বন্যার শঙ্কা
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 159
টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের ১৬ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকায় নদীর পানি বেড়ে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অতি ভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরাতেও ভারি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।






























