১০ বছরেও সংস্কার হয়নি চরমানিকা সড়ক
- সর্বশেষ আপডেট ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 61
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কটি প্রায় এক দশক ধরে সংস্কারহীন পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। এতে ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কটির বেহাল দশায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। স্থানীয়রা জানান, প্রতিদিন কাদা-পানি ও ভাঙাচোরা সড়ক পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয় তাদের। অনেক সময় গর্তে পড়ে পোশাক কাদায় নষ্ট হয়। জোয়ারের সময় সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে গেলে বই-খাতাও ভিজে যায়।
যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি চিকিৎসাসেবা নিয়েও বিপাকে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গুরুতর অসুস্থ রোগী কিংবা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অনেক সময় কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। তখন রোগীকে খাটে শুইয়ে কাঁধে করে সড়কের দুর্গম অংশ পার করে হাসপাতালে নিতে হয়। এতে সময়মতো চিকিৎসা পাওয়া নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।
এদিকে সড়কটির কারণে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণেও ভোগান্তিতে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সম্প্রতি সড়ক সংস্কারের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী সড়কের ওপর মানববন্ধন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানান।
চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে বলেন, সড়কটি পুনর্নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটির টেকসই সংস্কার চান তারা।






























