হুক ভেঙে বগি বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ
- সর্বশেষ আপডেট ১২:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 32
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি কাওরাইদ-মশাখালী এলাকার মাঝামাঝি পৌঁছালে হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ‘ন’ ও ‘ত’ নম্বর বগি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ওই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও আটকা পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বগির সংযোগ হুক ভেঙে যাওয়ার পর চালক ট্রেনটি থামিয়ে দেন। রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বগি দুটির সংযোগ হুক মেরামতের কাজ করছেন।
তিনি বলেন, মেরামতের কাজ শেষ হলে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে আবার যাত্রা করবে। একই সঙ্গে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।






























