সৌরশক্তিতে করছাড়ের প্রস্তাব বাজেটে
- সর্বশেষ আপডেট ০৬:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 70
নবায়নযোগ্য জ্বালানি খাতকে এগিয়ে নিতে সৌরবিদ্যুৎ শিল্পে বড় ধরনের কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বিনিয়োগবান্ধব নীতি অব্যাহত রাখার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও অগ্রিম কর শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এই সুবিধা ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার পরিকল্পনাও রয়েছে।
তবে দেশীয় উৎপাদন উৎসাহিত করতে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক ও এনার্জি স্টোরেজ সিস্টেমসহ কিছু পণ্যে পরে এই ছাড় প্রত্যাহারের কথা বলা হয়েছে।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
বিদেশি ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে আসবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, আর সঞ্চয়পত্রসহ অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা।
জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। পাশাপাশি মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামানো এবং প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।






























