শেরপুর সীমান্তে ভারতে যাওয়ার পথে ১২ জন আটক

- সর্বশেষ আপডেট ০১:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 99
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে প্রয়োজনীয় পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের সবার বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের আক্তারুল হক (২০) ও শামীম (২৩), শাগোয়ান ঘন্টি গ্রামের মিনারুন (১৯), চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আবদুল করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের শওকত আলী (৩৫), শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের আবদুল্লাহ (২৫) ও হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মেসবাউল (২০)।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা প্রয়োজনীয় পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
পরে আটক ১২ জনকে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৯ বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান চালানো হবে।































