শপথ অনুষ্ঠানে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ

- সর্বশেষ আপডেট ০৪:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 93
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেল চারটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। এ উপলক্ষে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি বিদায়ী বৈঠক ছিল উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সেখানে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি; বরং দায়িত্বকালীন অভিজ্ঞতা ও কাজের মূল্যায়ন নিয়ে আলোচনা হয়েছে এবং শপথ অনুষ্ঠান সম্পর্কেও সবাইকে অবহিত করা হয়েছে।
তিনি জানান, সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হতে পারে।
আইন উপদেষ্টা বলেন, বিকেল চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং তাঁর জানা অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন। দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান আয়োজনের আগ্রহ বিএনপির পক্ষ থেকেই জানানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী যাঁদের আমন্ত্রণ জানানোর কথা, সে প্রক্রিয়া মন্ত্রিপরিষদ বিভাগ পরিচালনা করছে। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে বলে তিনি শুনেছেন।
































