র্যাব বিলুপ্তির আহ্বান, প্রধানমন্ত্রীর কাছে ৯ সংগঠনের চিঠি

- সর্বশেষ আপডেট ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 171
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
একই সঙ্গে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সোমবার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফোর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে ও সিভিকাসসহ মোট নয়টি সংগঠন যৌথভাবে এই চিঠি দেয়।
এতে বলা হয়, বর্তমান সরকারের সামনে নানা রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ থাকলেও এটিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নিরাপত্তা বাহিনীর নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
তার পতনের পর কিছু ক্ষেত্রে এসব ঘটনার মাত্রা কমেছে বলে দাবি করা হলেও রাজনৈতিক প্রতিপক্ষকে আটক, সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলেও সংগঠনগুলো উল্লেখ করেছে।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় আইনগত ও নীতিগত সংস্কারের সুপারিশও করেছে সংগঠনগুলো।































