রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতারের দাবি করেছে চিফ হুইপ নাহিদ

- সর্বশেষ আপডেট ০৭:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 168
জুলাইয়ের সহিংস ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে রাষ্ট্রপতির অভিশংসন ও পরবর্তী গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা উচিত। এ বিষয়ে সরকার ও বিরোধী দলসহ সংসদের সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই অবস্থান থেকেই এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনমনে জোরালো ছিল। তবে তখন রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংবিধান রক্ষার স্বার্থে তাকে বহাল রাখা হয়। বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ কেবল সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের হত্যাকাণ্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেননি। তার নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে দাবি করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনে গেলেও প্রত্যাশিত সাড়া মেলেনি বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, ওই সহিংস ঘটনার দায় নির্ধারণে রাষ্ট্রপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এজন্য সংসদে অভিশংসন প্রক্রিয়া শুরু করে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
































