রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নে গণসংবর্ধনা

- সর্বশেষ আপডেট ০৯:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 549
নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)-কে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের আলীনগর আড়াকান্দায় এই সংবর্ধনার আয়োজন করে রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদ।
রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জসিম আহমেদ জাহাঙ্গীর ও প্রচার কমিটির আহ্বায়ক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন আহমেদ ব্যতিক্রমধর্মী ও আবেগঘন মানপত্র পাঠ করেন এবং তা প্রধান অতিথির হাতে তুলে দেন। পরে হাজারো চরবাসীর অংশগ্রহণে বাদ্যযন্ত্র ও শোভাযাত্রার মাধ্যমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্ণিল সাজে আয়োজিত এই সংবর্ধনায় চরবাসীর মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, দেশের উন্নয়নে ভালো কাজ করতে পারলে তা সত্যিই আত্মতৃপ্তির। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি জানান, রায়পুরা চরাঞ্চলে থানা স্থাপনের পর মেঘনা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সব ধরনের প্রচেষ্টা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, চরাঞ্চলে দীর্ঘদিনের সহিংসতা, মারামারি, ঘরবাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হবে। চাঁদাবাজি ও নৈরাজ্য পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাসযোগ্য চরাঞ্চল গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং সংবর্ধনার জন্য চরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর জেট এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) বাইজিদ বিন মনসুর, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাজ্জাদ হোসেন, নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা. ইমরান সরকার, কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আতউর রহমান, রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমানসহ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।





























