রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলা: ১১ দিনেও মামলা হয়নি, ক্ষোভ

- সর্বশেষ আপডেট ০৮:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 168
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে নারীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনার ১১ দিন পার হলেও এখনো কোনো মামলা বা দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী নূরজাহান খানম ইতি রায়পুরা থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ২৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে আদিয়াবাদ সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে প্রায় ৮০ থেকে ৮৫ জন নারী-পুরুষ একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন।
অভিযোগে বলা হয়, মানববন্ধন চলাকালে আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক বাদলসহ তার সমর্থক আমজাদ, মিল্লাত, হাসনাত, উত্তরপাড়ার সোহাগ মোল্লা ও আল আমিন এবং আরও ৯-১০ জন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোটা নিয়ে সেখানে এসে মানববন্ধনে বাধা দেন। একপর্যায়ে তারা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান।
এ সময় মানববন্ধনে উপস্থিত সামসু উদ্দিন খান হামলাকারীদের বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া মানববন্ধনে অংশ নেওয়া রোকসানা ওয়াহিদকে থাপ্পড় মেরে তার হাতে থাকা ব্যানার কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় নারী অংশগ্রহণকারীদের বোরকা ও কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে আহত সামসু উদ্দিন খানকে স্থানীয়দের সহায়তায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর নূরজাহান খানম ইতি রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের ১১ দিন পার হলেও এখনো কোনো মামলা রুজু হয়নি বলে দাবি করেছেন তিনি।
বাদী নূরজাহান খানম ইতি বলেন, নারীদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি জানান, অভিযোগ করার আট দিন পর থানায় ডেকে নিয়ে নতুন করে একটি অভিযোগে স্বাক্ষর নেওয়া হয়। পরে থানায় গেলে পুলিশ আগামীকাল পর্যন্ত সময় চেয়েছে বলে তিনি জানান।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে হামলাকারীরা তাদের বাড়িতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানববন্ধনে অংশ নেওয়া নারীদের নিয়ে অশালীন মন্তব্য করে মানহানির চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের কাগজে কিছু ভুল ছিল, তা সংশোধন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, নারীদের মানববন্ধনে হামলার মতো ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
































