রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
- সর্বশেষ আপডেট ০৩:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 9
দোকান, মার্কেট ও শপিংমল প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির দাবি, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্তে ব্যবসা, কর্মসংস্থান ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি দেশের কোটি কোটি ভোক্তা এবং প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী, কর্মচারী ও তাদের পরিবারের জীবিকার স্বার্থে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছে।
সোমবার (৮ জুন) সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
চিঠিতে বলা হয়েছে, দেশের খুচরা ব্যবসা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। শহর, মফস্বল ও গ্রামাঞ্চলের অসংখ্য দোকান, মার্কেট ও শপিংমলকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। কিন্তু দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় বাড়তে থাকায় ব্যবসায়ীরা চাপে রয়েছেন।
সমিতির মতে, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্ত খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। কর্মব্যস্ততার কারণে অনেক ক্রেতা দিনের বেলায় কেনাকাটা করতে পারেন না; তারা বিকেল বা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ না থাকলে বিক্রি কমে যায়, কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে এবং অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদিন দুপুর ১২টা বা সরকারের নির্ধারিত যেকোনো সময় থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব দোকান, মার্কেট, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমোদন দেওয়া হলে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে, ব্যবসা সম্প্রসারিত হবে, রাজস্ব আয় বাড়বে এবং সাধারণ মানুষ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন।
অন্যদিকে, এ দাবি বাস্তবায়ন না হলে বিপুলসংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী আর্থিক সংকটে পড়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ১ জুন থেকে আবারও শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ কার্যকর করেছে। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে বিলবোর্ডের আলো, মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা বহাল রয়েছে।































