যশোরে নির্মাণের ৯ মাসেই ধসে পড়ল সংযোগ সড়ক

- সর্বশেষ আপডেট ০৮:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 347
নির্মাণ কাজ শেষ হওয়ার নয় মাসের মধ্যে ধ্বসে পড়েছে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড় এলাকায় একটি সেতুর সংযোগ সড়কের বড় অংশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ধ্বসের কারণে কোমলপুর ও ঝাঁপা গ্রামের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যে সেতু ঘিরে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেটিই এখন নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ২০২৫ সালের মে মাসে ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ২১১ টাকা। পাশাপাশি সেতুর দুই পাশে মোট ৫২৩ মিটার হেরিংবোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার টাকা। প্রকল্পটির লক্ষ্য ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান করা।
উল্লেখযোগ্য কোনো ভারী বর্ষণ বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সেতুর উত্তর প্রান্তে কোমলপুর অংশে প্রায় ১০০ মিটার সংযোগ সড়ক হঠাৎ দেবে যায়। এমন ধস নামায় এলাকাবাসী বিস্মিত হন। পরদিন সকালে দেখা যায়, রাস্তার একাংশ নিচে বসে গেছে এবং বিভিন্ন স্থানে বড় ফাটল তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণে প্রকৌশলগত মান বজায় রাখা হয়নি। তাঁদের ভাষ্য অনুযায়ী, পুরোনো সেতু ভেঙে নতুন সেতুটি আগের তুলনায় অনেক উঁচু করে নির্মাণ করা হয়। ফলে সেতুর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রাখতে বিপুল পরিমাণ মাটি ফেলে রাস্তা উঁচু করা হয়। কিন্তু সেই মাটি শক্তভাবে বসে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, মাটি পুরোপুরি স্থিতিশীল হওয়ার আগেই দ্রুত ইটের সলিং বসিয়ে রাস্তা চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে ভেতরের স্তর মজবুত ভিত্তি তৈরি করতে পারেনি। তাঁর ধারণা, যথাযথ কম্প্যাকশন নিশ্চিত না করায় অল্প সময়ের মধ্যেই ধস নেমেছে।
একই অভিযোগ করেন কোমলপুর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু। তাঁর মতে, ধাপে ধাপে ভরাট ও কম্প্যাকশন না করায় সমস্যা তৈরি হয়েছে। প্রয়োজনে বালু ব্যবহার করা হলে কিংবা আরও সময় নিয়ে কাজ শেষ করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
তবে নির্মাণকারী ঠিকাদার নিশিত বসু সব অভিযোগ নাকচ করেছেন। তিনি দাবি করেন, নির্ধারিত নকশা ও সরকারি নিয়ম অনুসরণ করেই কাজ সম্পন্ন হয়েছে। তাঁর ভাষায়, ব্যক্তিগতভাবে এই প্রকল্পে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাস্তা কেন ধসে পড়েছে, সেটি প্রকৌশলগত তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
এ বিষয়ে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান জানান, ঝাঁপা বাওড় সংলগ্ন এলাকা মূলত ভবদহ অঞ্চলের নিকটবর্তী, যেখানে প্রায়ই পানি জমে থাকে। মাটির স্বাভাবিক গুণগত দুর্বলতার কারণে বাইরে থেকে মাটি এনে ভরাট করা হয়েছিল। তবুও কী কারণে ধস ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এলজিইডির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার কাজ শুরু করে সড়কটি পুনর্নির্মাণ করতে হবে এবং দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


































