মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
- সর্বশেষ আপডেট ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 90
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার টিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টিয়ারা গ্রামের হোসেন চেয়ারম্যান ও আতিকুর রহমান শিশু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।




























