মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
- সর্বশেষ আপডেট ১১:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 58
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অবৈধ বালুর ড্রেজার সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় ও বিন্দুসার এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় এই সংঘাত চলে।
সংঘর্ষ চলাকালে পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই গ্রামের উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের বিন্দুসার এলাকার ইকবাল হোসেনে পক্ষের সঙ্গে ও পুলিন্দারপাড় এলাকার কামাল সাউদ পক্ষের মধ্যে অবৈধ ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয়পক্ষ কথা কাটাকাটির দ্বন্দ্বে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, রাতে পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের নাম পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





































