ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসককে মারধর, তরুণী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৩:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 9
ময়মনসিংহ নগরের জিলা স্কুল সংলগ্ন ‘ডক্টরস পেট কেয়ার’-এ ঢুকে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ডক্টরস পেট কেয়ার’-এ ঢুকে চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। চিকিৎসকের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একদল ব্যক্তি সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করেন।
এ সময় তার স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকী, চেম্বারের কর্মী ঈশান আহমেদ ও তার স্ত্রী তাওহিয়া আক্তারও হামলার শিকার হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আফরিন রশিদ সেঁজুতিকে জুতা দিয়ে চিকিৎসককে মারধর করতে দেখা যায়। ভিডিওতে মহানগর ছাত্রদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকেও চিকিৎসককে মারধর করতে দেখা গেছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যান। পাশাপাশি প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। সংগঠনটি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, ক্ষতিপূরণ প্রদান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
বিভিএর পক্ষ থেকে বলা হয়, চিকিৎসাসেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে আইনগতভাবে তার সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু চিকিৎসকদের ওপর হামলা, লুটপাট ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।































