বগুড়া-৬ উপনির্বাচন
ভোটে কোনো ছাড় নয়: কমিশনার সানাউল্লাহ

- সর্বশেষ আপডেট ০৫:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 152
নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট কারচুপি বা অনিয়মের কোনো চেষ্টা যেন কেউ না করে। ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
প্রিজাইডিং কর্মকর্তাদের ছোট ভুলও পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, এজন্য দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
রবিবার বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন যেকোনো অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অভিযোগ উঠলেই তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, চার শতাধিক পিস্তল নিখোঁজ থাকায় নিরাপত্তা উদ্বেগজনক। ভোটকেন্দ্রে পাঁচজন পুলিশ মোতায়েন থাকবে, ঝুঁকিপূর্ণ এলাকায় সংখ্যা ছয়জন হবে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম প্রমুখ।































