ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার
- সর্বশেষ আপডেট ০১:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 9
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বর্তমান সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। বিএনপি সরকারের মূলনীতি হলো; সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকারের সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোকে তিনি দুঃখজনক বলেও মন্তব্য করেন।
চট্টগ্রাম বন্দরের উদাহরণ দিয়ে চিফ হুইপ বলেন, বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একই সময়ে বন্দরে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাস হবে; এমন ব্যবস্থাও করা হয়েছিল। দেশের স্বার্থবিরোধী এ ধরনের অসংখ্য চুক্তি শেখ হাসিনার সরকার করে গেছে বলে অভিযোগ করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, এসব চুক্তির কারণে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার। বাংলাদেশের স্বার্থ রক্ষা করার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
তিনি বলেন, ‘এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেশকে স্বাবলম্বী করতে চাই। এ জন্য যা যা করা দরকার, আমরা তাই করব।’


































