অবশেষে মাটিচাপা দেওয়া হলো মৃত তিমিকে

- সর্বশেষ আপডেট ০২:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 128
বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ে ভেসে আসা মৃত তিমিটিকে অবশেষে মাটিচাপা দিয়েছে বন বিভাগ। উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগের তত্ত্বাবধানে এক্সকাভেটর দিয়ে নদীর পাড়ের চরে গর্ত করে তিমিটির মরদেহ পুঁতে ফেলা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩২ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে গভীর বঙ্গোপসাগরে তিমিটির মৃত্যু হয়। পরে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে গত ৯ সেপ্টেম্বর তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ের জঙ্গলের বালুচরে এসে আটকা পড়ে তিমিটি।
মৃত তিমিটির খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। পরে এলাকায় মাইকিং করা হলে নারী-পুরুষসহ হাজারো মানুষ নদীর পাড়ে জড়ো হন। তবে কিছুক্ষণ পর তিমিটির দেহ থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগে পড়তে হয়।
এ অবস্থায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগ এক্সকাভেটর এনে নদীর পাড়ের চরে গর্ত খনন করে তিমিটির মরদেহ মাটিচাপা দেয়। তিমিটি অপসারণের পর দুর্গন্ধের ভোগান্তি থেকে এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।


































