বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০১:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 148
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী এ সফরকে ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও অনুষ্ঠানস্থলে সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় সড়কপথে ঢাকার বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।
এরপর বেলা সোয়া ১টার দিকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা দেড়টার দিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বেলা ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারি বিভিন্ন দপ্তরে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ প্রকল্পগুলোর সম্মিলিত সক্ষমতা ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট।
দিনের শেষ পর্যায়ে বেলা ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানীসহ সামাজিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সফরস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট; এই তিনটি নিরাপত্তা অঞ্চলে ভাগ করা হয়েছে। দুই উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে সফরকে সামনে রেখে স্থানীয়দের মধ্যে বিভিন্ন দাবিও সামনে এসেছে। বন্যা ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।































