বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়কের প্রস্তাব
- সর্বশেষ আপডেট ০৯:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 9
ফুটবল-ভিত্তিক বন্ধুত্বকে আরও গভীর করতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। একই সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা, সাহিত্য বিনিময় ও জনগণের সংযোগ বাড়াতে একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৈঠকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আর্জেন্টিনার ডেপুটি হেড অব মিশন প্যাট্রিসিও উরুয়েনিয়া প্যালাসিও, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের কথা উঠে আসে। বিশেষভাবে স্মরণ করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভিক্টোরিয়া ওকাম্পো-এর ঐতিহাসিক বন্ধুত্ব।
রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে সবচেয়ে বেশি চেনে। পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক সাহিত্যিকদের রচনা স্প্যানিশ ভাষায় অনুবাদের আগ্রহও প্রকাশ করেন তিনি। তিনি বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণে বুয়েনস আইরেস আন্তর্জাতিক বইমেলা-কে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
বৈঠকে রাষ্ট্রদূত আধ্যাত্মিক সাধক লালন শাহ-এর গান ও দর্শনের প্রশংসা করেন এবং লালনগীতি স্প্যানিশ ভাষায় অনুবাদের ওপর গুরুত্বারোপ করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় আর্জেন্টিনার সমর্থন এবং ১৯৭২ সালে দেশটির দ্রুত কূটনৈতিক স্বীকৃতি বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তিনি দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের আবহাওয়া ও জলবায়ুর মিল বিবেচনায় বাংলাদেশি ঐতিহ্যবাহী উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণের প্রস্তাবও উত্থাপন করা হয়।
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম কনটেন্ট নির্মাতা ও ব্লগার বাংলাদেশ সফরে আসবেন বলে জানান রাষ্ট্রদূত। তারা বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উন্মাদনা ও ফুটবল সংস্কৃতি নিয়ে বিশেষ ভিডিওচিত্র তৈরি করবেন।
এ ছাড়া বাংলাদেশ ও আর্জেন্টিনার শিল্পীদের অংশগ্রহণে একটি যৌথ ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ আয়োজনের প্রস্তাব দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ফুটবলের প্রতি ভালোবাসার প্রশংসা করে বলেন, দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে আর্জেন্টিনা আগ্রহী।





































