নতুন জেলা প্রশাসক আলমগীর কবীর
বিতর্কের জেরে চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

- সর্বশেষ আপডেট ০১:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 85
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান এবং বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র বিতর্কের জেরে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে জেলার নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। তবে অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা অনুষ্ঠান বর্জন করেন।
ব্যানার বিতর্কের পাশাপাশি ওই সভায় ডিসি লুৎফুন নাহারের দেওয়া একটি বক্তব্য নিয়েও তোলপাড় শুরু হয়। বক্তব্যে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং ৩ থেকে ৬ নভেম্বরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করেন। মুহূর্তেই সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং ডিসির প্রত্যাহারের দাবি ওঠে।
বিতর্কের এক সপ্তাহের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার ডিসি পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। অবশ্য প্রজ্ঞাপনে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন
































