পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (১১ মে) বৈঠক শেষে তিনি জানান, সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে হস্তান্তর করা হবে। বিষয়টি রাজ্যের ভূমি ও রাজস্ব বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী দাবি করেন, সীমান্ত এলাকায় পরিস্থিতি ও জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফের সঙ্গে সমন্বয় করে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।
নতুন সরকারের প্রথম বৈঠক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় নবান্ন ও আশপাশের এলাকায়। বৈঠকের আগে থেকেই পুলিশের উচ্চপর্যায়ের টহল ও নজরদারি বাড়ানো হয়।
এদিকে, একই দিনে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তিনজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত গাড়ির সূত্র ধরে তদন্ত এগোচ্ছে এবং সন্দেহভাজনদের খোঁজে একাধিক রাজ্যে অভিযান চলছে।