বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে ৮ জন আটক

- সর্বশেষ আপডেট ০৬:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 96
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা-সংলগ্ন এলাকা থেকে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন দেশের বিভিন্ন জেলার নাগরিক এবং অন্য দুজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের বাসিন্দা। তাঁরা ছয় বাংলাদেশির পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সদস্যরা।
আটক ছয় বাংলাদেশি হলেন ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড়ের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)।
অন্য দুজন হলেন স্থানীয় ম্রো সম্প্রদায়ের লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।
সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, ছয় বাংলাদেশি ও তাঁদের দুই স্থানীয় পথপ্রদর্শক গত ৫ নভেম্বর থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। এরপর তাঁরা সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। তাঁদের সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে আটজনকে আটক করেন। পরে তাঁদের রুমা ক্যাম্পে নেওয়া হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছয় বাংলাদেশি ও দুই স্থানীয় পথপ্রদর্শককে আটক করা হয়েছে।
তাঁরা কী কারণে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা পুলিশের তদন্তে জানা যাবে বলে জানান তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহাসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































