বন্ধ পাটকল ইজারায় চালুর পরিকল্পনা
- সর্বশেষ আপডেট ০৫:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 28
বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে আবারও চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, এসব মিল পুনরায় সচল হলে স্থানীয় কর্মসংস্থান বাড়বে এবং উৎপাদনমুখী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
মঙ্গলবার নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বন্ধ মিলগুলোর ইজারা প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং মূল্যায়ন কাজ চলমান রয়েছে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে এসব শিল্প পুনরায় চালু করতে চায়।
তিনি আরও বলেন, একসময় এসব পাটকল এলাকায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল, যা এখন অনেকটাই হারিয়ে গেছে। মিলগুলো চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রয়োজনে কিছু বিশেষজ্ঞ পদে বাইরে থেকে জনবল নিয়োগ দেওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
পাট খাতের পুনরুজ্জীবনে বীজের মানোন্নয়ন ও গবেষণার ওপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। দেশি বীজকে আরও প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ চলছে। পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।































