ফ্যামিলি কার্ড প্রলোভনে চিকিৎসকের স্ত্রীর সঙ্গে সম্পর্ক

- সর্বশেষ আপডেট ০৯:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 160
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে এক চিকিৎসকের স্ত্রীর সঙ্গে স্থানীয় যুবদল নেতার অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম ওই নারীকে নিজের প্রভাবের মধ্যে নিয়ে আসেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, গত ৩ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে চিকিৎসক আব্দুল মজিদের বাড়িতে আবুল কাসেমকে উপস্থিত দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি টের পেয়ে মজিদের মা ও অন্যান্য পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি তার বড় ভাই হারুন অর রশিদকে জানান।
হারুন অর রশিদ জানিয়েছেন, খবর পেয়ে তিনি দ্রুত ছোট ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই অভিযুক্ত আবুল কাসেম ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মজিদের স্ত্রীকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আবুল কাসেমের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। এছাড়া তিনি অভিযোগ করেন, তার ব্যবহৃত একটি স্বর্ণের চেইনও কাসেম নিয়েছেন।
এই ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, কিছুদিন আগে চিকিৎসক মজিদের স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান। তখন এলাকায় নিখোঁজ সংবাদের প্রচার হয়। অনেকের ধারণা, ওই সময়ে আবুল কাসেমই তাকে আত্মগোপনে থাকতে সহায়তা করেছিলেন।
এলাকার প্রবীণ নারীসহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের অনৈতিক সম্পর্কের কারণে দুটি পরিবার ভাঙনের মুখে পড়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এলাকার সামাজিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাসেমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের পক্ষ থেকে দায় নেওয়া হবে না। বরং তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।”
অন্যদিকে চিকিৎসক আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।” তবে তিনি সাংবাদিকদের অনুরোধ করেন বিষয়টি সংবাদ আকারে প্রকাশ না করতে এবং বিস্তারিত জানতে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে।
এ ঘটনায় পলাশবাড়ী ইউনিয়নের সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা, সমালোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।































