১১তম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু
“ন্যায়সংগত পানি ব্যবস্থাপনার আহ্বান”

- সর্বশেষ আপডেট ০৮:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 344
দেশে পানির সংকট শুধু প্রযুক্তিগত সমাধান দিয়ে (টেকনো-ফিক্স) সমাধান করা সম্ভব নয়- এমন মন্তব্য করেছেন পানি শাসন নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা। তারা বলেছেন, সামাজিক ন্যায়বিচার, জেন্ডার সমতা এবং পরিবেশগত অধিকারের ভিত্তিতে পানি ব্যবস্থাপনার একটি কাঠামো গড়ে তোলাই কার্যকর সমাধান। আজ (২১ জানুয়ারি) শুরু হওয়া ১১তম আন্তর্জাতিক পানি সম্মেলনের প্রথম দিনে এই আহ্বান জানান তারা।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজিত এই সম্মেলন দুই দিনব্যাপী ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যতের জন্য পানি ব্যবস্থাপনা পুনর্চিন্তা’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে। ২০২৫ সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ‘জাতিসংঘ পানি কনভেনশনে’ যোগদানের প্রেক্ষাপটে সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে।
সম্মেলনের শুরুতে বরেণ্য প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের গান পরিবেশিত হয়।
উদ্বোধনী বক্তব্যে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “পানি শাসন ব্যবস্থা মূলত ক্ষমতা, টিকে থাকা এবং অসমতার বিষয়। নীতি প্রণয়নের অনেক আগেই পানি মানুষের জীবন নির্ধারণ করে দেয়।” তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের নারীরা লবণাক্ত পানি ব্যবহারের কারণে দূরত্ব পাড়ি দিয়ে নিরাপদ পানি সংগ্রহ করেন, বন্যা হলে কাজ বন্ধ হয়ে যায়- এগুলোই পানির বাস্তব চিত্র।
তিনি আরও বলেন, জাতিসংঘ কনভেনশনে যোগদান মাইলফলক হলেও কেবল আইনি প্রতিশ্রুতি যথেষ্ট নয়; সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সম্মেলনের প্রথম সেশনে সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ পানি ব্যবস্থাপনার পাঁচটি সংকট বা ‘ডিস্টোপিয়া’ চিহ্নিত করেন।
তিনি বলেন, “পানি শুধু H₂O নয়; পানি = H₂O + P4 (দূষণ, ক্ষমতা, রাজনীতি ও মুনাফা)।” নদীকে জীবন্ত সত্তা হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় কর্মকর্তাদের পরিবেশগত ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের ‘রিভার-লেক চিফ’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।
জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) প্রতিনিধি সাকিব মাহমুদ বলেন, দেশে ১,৪১৫টি নদী চিহ্নিত হলেও অনেক নদীই অস্তিত্ব সংকটে। দিনাজপুর ও নওগাঁর মতো শহরাঞ্চলে ‘ডেড জোন’ শনাক্ত হয়েছে, যেখানে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা জলজ প্রাণীর জন্য অনুপযুক্ত। তিনি ড্রেজিং বা নদী খননে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে জিও-স্পেশাল ট্র্যাকিং ও কমিউনিটি-ভিত্তিক নজরদারির ওপর জোর দেন।
শ্রীলঙ্কার রুহুনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. চম্পা এম নাভারত্নে বলেন, কাঠামোগত অসমতা উপেক্ষা করলে প্রযুক্তিগত সমাধান ব্যর্থ হয়। পানি ব্যবস্থাপনায় নারী ও প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, পানির অধিকার ও ঋণের সুবিধা না থাকলে প্রযুক্তি বাধা হয়ে দাঁড়ায়।
শহরের পানি ব্যবস্থাপনা নিয়ে বিল্ড বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ফরহাদ রেজা বলেন, পানিকে পণ্য হিসেবে দেখা যাবে না। ভবিষ্যতের পরিকল্পনায় সরবরাহ-কেন্দ্রিক প্রকৌশল থেকে বেরিয়ে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার দিকে যেতে হবে। চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই ‘দিয়ানচি হ্রদ’ পুনরুদ্ধারের উদাহরণ দিয়ে বলেন, শহর জলাশয়ের পাশে গড়ে ওঠে না- বরং শহরই জীবন্ত পানি ব্যবস্থার অংশ।
প্রথম দিনের অধিবেশনে ‘ওয়াটার মিউজিয়াম’ বা পানি জাদুঘর নিয়ে ভার্চুয়াল প্রদর্শনী হয়। এতে মরক্কোর ‘ওয়েসিস ইকোমিউজিয়াম’ ও পটুয়াখালীর কলাপাড়ার পানি জাদুঘরসহ বিভিন্ন প্রদর্শনী উপস্থাপিত হয়। পাশাপাশি নাট্যদল ‘পালাকার’ পরিচালিত চাকমা ভাষার গান ও নাটকও পরিবেশিত হয়।
সম্মেলনের প্রথম দিন শেষে পানি ব্যবস্থাপনায় ভূমি ব্যবহার ও জনসংখ্যা পরিকল্পনার সমন্বয়ে ‘হাইড্রো-সোশ্যাল’ বা পানি-সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানানো হয়।
আগামীকাল (২২ জানুয়ারি) সম্মেলনের শেষ দিনে ব্লু ইকোনমি ও আন্তঃসীমানা নদী নিয়ে আলোচনা হবে। এছাড়া পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতামূলক পানি শাসন বিষয়ক ঢাকা ঘোষণা’ পেশ করে সম্মেলন সমাপ্ত হবে।
সম্মেলনে একশনএইড বাংলাদেশসহ দেশ-বিদেশের শতাধিক নদী বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, পানি অধিকার কর্মী ও জলবায়ু সুরক্ষা কর্মী অংশ নেন।

































