পুলিশ সংস্কারে ফ্রান্সের সহায়তা চাইল সরকার

- সর্বশেষ আপডেট ০৯:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 106
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ বাহিনীকে আরও কার্যকর করতে বিদেশি সহযোগিতা চাইছে সরকার। এ লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। হারানো আস্থা ফিরিয়ে এনে জনবান্ধব বাহিনী গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।
বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাস দমন, মব নিয়ন্ত্রণ, ফরেনসিক খাত উন্নয়ন এবং পারস্পরিক আইনি সহায়তার বিষয়গুলো উঠে আসে। নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার কথাও আলোচনা হয়, যা ভবিষ্যতে সম্পর্ককে আরও গভীর করতে পারে বলে ধারণা দেওয়া হয়।
মন্ত্রী জানান, পুলিশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। হঠাৎ করে বড় পরিবর্তন সম্ভব নয়, তবে ধাপে ধাপে কাঠামোগত উন্নয়ন আনার চেষ্টা চলছে। তার ভাষায়, একটি দায়িত্বশীল ও মানুষের আস্থাভাজন পুলিশ গড়ে তুলতে সময় লাগবে, কিন্তু সেই পথে অগ্রগতি হচ্ছে।
মব নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আগের সময়ে দুর্বল ব্যবস্থাপনার কারণে কিছু ঘটনা নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা প্রশ্রয় দেবে না, যদিও গণতান্ত্রিকভাবে মতপ্রকাশের সুযোগ থাকবে।
র্যাবের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন মন্ত্রী। তার মতে, যেকোনো রাষ্ট্রে একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন থাকে। তাই কাঠামোগত পর্যালোচনা করে বিদ্যমান জনবল ও সক্ষমতা কাজে লাগিয়ে এই বাহিনীকে কার্যকর রাখা হবে।
ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে জানান, বাংলাদেশকে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ফ্রান্স। ইতোমধ্যে সিআইডির ফরেনসিক সক্ষমতা বাড়াতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় দাঙ্গা প্রতিরোধ পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিটের সক্ষমতা বাড়াতে ফ্রান্সের কারিগরি সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্ট ইউনিটগুলোকে দূতাবাসের সঙ্গে বসে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

































