পুলিশের পোশাক ফের পরিবর্তন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 210
আইনশৃঙ্খলার উন্নয়নকে অগ্রাধিকার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
তবে তাঁর মতে, ইউনিফর্মে পরিবর্তন এলে মানসিকতারও পরিবর্তন ঘটতে পারে। এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ছিল, সরকারের নজর এখন মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার দিকে। আইনের শাসন প্রতিষ্ঠাকে তিনি সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
জনমনে আস্থা ফিরিয়ে আনার কথাও জোর দিয়ে বলেন তিনি। তাঁর ভাষায়, নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে মানুষ স্বস্তি পায়। রাজধানী ঢাকায় সক্রিয় চাঁদাবাজদের একটি তালিকা দ্রুত প্রস্তুত করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তালিকা চূড়ান্ত হলেই বিশেষ অভিযান চালানো হবে।
পুলিশকে জনগণের কাছাকাছি আনার প্রসঙ্গও তোলেন তিনি। অতীতের তাবেদারির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বাহিনীকে জনবান্ধব রূপ দেওয়ার কথা বলেন। একই সঙ্গে নগরীর যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে বলে ইঙ্গিত দেন।
অস্ত্রধারী ও চিহ্নিত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁদের আইনের আওতায় আনা হবে, এ বিষয়ে কোনো শৈথিল্য থাকবে না বলে জানান তিনি।
হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
































