পহেলা বৈশাখ আত্মপরিচয়ের প্রতীক: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 89
পহেলা বৈশাখকে জাতিসত্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান।
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি নতুনের বার্তা নিয়ে ফিরে আসে এবং পুরোনো গ্লানি ঝেড়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদায় ১৪৩২, স্বাগত নতুন বছর ১৪৩৩—এই পরিবর্তনের মধ্য দিয়েই নতুন প্রত্যাশা জন্ম নেয়।
প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক প্রযুক্তির যুগেও কৃষকরা প্রকৃতির ছন্দ মেনেই তাদের উৎপাদন পরিকল্পনা নির্ধারণ করেন। ফলে এই উৎসব শুধু সাংস্কৃতিক নয়, অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
তিনি আরও বলেন, বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। প্রকৃতির নবজাগরণ ও মানুষের আশাবাদ মিলেই সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে বলে তিনি জানান।
তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা চালু করা হয়েছে। একই সঙ্গে বাংলা নববর্ষ থেকেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে, যা কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বব্যাপী সংকটের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
সবশেষে তিনি আহ্বান জানান, নববর্ষের প্রেরণায় সংকীর্ণতা ও স্বার্থপরতা থেকে বেরিয়ে মানবকল্যাণের পথে এগিয়ে যেতে হবে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



































