পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৭:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 337
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ কুমিল্লার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জীবিকার সন্ধানে কয়েক বছর আগে তিনি ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। সেখানে তিনি ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় বসবাস করতেন এবং একটি স্থানীয় রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রবাস জীবনে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তিনি কঠোর পরিশ্রম করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ভিলা নোভা দে মিলফন্তেস এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
নিহত মোহাম্মদ আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। কিছুদিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিয়মিত নামাজ আদায় ও রোজা রাখতেন বলে জানিয়েছেন পরিচিতজনরা। তার নম্র স্বভাব ও মিষ্টি ব্যবহারের কারণে তিনি আশপাশের সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।
তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনরা প্রিয়জনকে হারিয়ে গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। একই সঙ্গে প্রবাসে থাকা সহকর্মী ও বন্ধুদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।































