নীলফামারীতে ধানের শীষের নারী কর্মীদের হুমকি

- সর্বশেষ আপডেট ০৯:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
নীলফামারীতে ধানের শীষ প্রার্থীর নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কর্মীদের মানসিক চাপের মধ্যে ফেলা এবং নিরাপত্তাহীন পরিস্থিতিতে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী শহরের স্টাফ কোরটারে অবস্থিত নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনটি আয়োজন করে নীলফামারী উন্নয়ন মঞ্চ, এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় যায় উন্নয়ন মঞ্চের ৯–১০ জন নারী কর্মী। এ সময় স্থানীয় কিছু জামায়াত শিবিরের নেতা-কর্মীরা নারীদের ভয়ভীতি দেখিয়ে প্রচারণা থেকে বিরত রাখে।
উন্নয়ন মঞ্চের নারী সমন্বয়কারী শারমিন আকতার এলিন বলেন, “আমাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। আমরা তাৎক্ষণিকভাবে সরে আসি এবং পরে জানতে পারি, বাঁধা দেওয়ার পেছনে ছিলেন জামায়াত শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা।”
মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন অভিযোগ করেন, “ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী পরিবেশকে খারাপ করা হচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গণমাধ্যমের সহযোগিতা চাই।”
তবে শহর জামাতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখেই মিথ্যে অভিযোগ তৈরি করা হচ্ছে। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেবেন।”
































