নীলফামারীতে জলবায়ু ও বৃক্ষরোপণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০৯:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 111
নীলফামারীতে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে (১৫ জুন) এ সভার আয়োজন করা হয়। নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেসবাহুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ-এর জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের জেলা সমন্বয়কারী মজিবুর রহমান। তিনি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণদের ভূমিকাই সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সীমা পারভীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জেবুন নাহার এবং বন কর্মকর্তা আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মেসবাহুল হক বলেন, সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
বক্তারা সামগ্রিকভাবে পরিবেশ সুরক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন। আলোচনা শেষে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়।





























