নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

- সর্বশেষ আপডেট ১১:১৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 176
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তাঁর স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের কণ্যা সন্তান জিনি সরকার।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং পরে আবার ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংঙ্কাজনক হওযায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় স্বামী ও সন্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজন মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।































