নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

- সর্বশেষ আপডেট ০১:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 121
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শাখাটির ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, রাত আড়াইটার দিকে নৈশপ্রহরী নাসীরের চিৎকার শুনে তিনি বাইরে বের হন। এ সময় ভবনের বারান্দার গ্রিলের পাশে আগুন জ্বলতে দেখেন। সেখানে কোকাকোলার বোতলের মতো দেখতে একটি কাচের বোতল পড়ে ছিল। বোতলটির মুখে সলতের মতো কিছু লাগানো ছিল এবং সেটিতে আগুন জ্বলছিল।
তিনি জানান, আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়েনি। বোতলের ভেতরে থাকা দাহ্য পদার্থ শেষ হওয়া পর্যন্ত আগুন জ্বলেছে। দূর থেকে বোতলগুলো নিক্ষেপ করায় আগুন ভবনের ভেতরে ছড়াতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাচ ও প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ ভরে আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে।
কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।































