নরসিংদীতে খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

- সর্বশেষ আপডেট ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 536
নরসিংদীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মঞ্জুর এলাহী।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের মনোনীত প্রার্থী সরদার শাখায়াত হোসেন, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র ও যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, যুব, কৃষক, মহিলা, ছাত্র, তাঁতী ও উলামা দলের নেতারা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নরসিংদী শহর উলামা দলের সাধারণ সম্পাদক মুফতি আল আমিন।
সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও মানবিক নেতৃত্বের প্রতীক। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়াকে দীর্ঘদিন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, গৃহবধূ হিসেবে রাজনীতিতে আসলেও দেশ সংকটে পড়লে বারবার নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মানবিক রাজনীতির চর্চায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমান সেই রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন।































