দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
- সর্বশেষ আপডেট ১০:১৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 60
উজানের পাহাড়ি ঢল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে জেলার অন্যতম প্রধান নদ দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ সোমবার (২৯ জুন) সকাল ৬টার সরকারি তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি এভাবে হু হু করে বাড়তে থাকায় জেলার নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের হাজার হাজার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, দুধকুমারের পাশাপাশি ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ জেলার অন্যান্য প্রধান প্রধান নদ-নদীর পানিও ক্রমান্বয়ে বাড়ছে। তবে সেগুলোর পানি এখনও বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ায় আমন ধানের বীজতলা এবং বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান পরিস্থিতির ভয়াবহতা নিশ্চিত করে বলেন, “উজানে ভারী বর্ষণের ফলে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। দুধকুমার নদের পানি ইতিমধ্যেই বিপৎসীমা অতিক্রম করেছে। পানি যেভাবে বাড়ছে, তাতে জেলার নিম্নাঞ্চলে একটি বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ দিন পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকতে পারে।” তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ও এলাকাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



































