ঢাকা-৫ ফল স্থগিত ও পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

- সর্বশেষ আপডেট ০৭:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 126
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে চূড়ান্ত ফল স্থগিত এবং ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নবীউল্লাহ নবী। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণনা চলাকালে ফল প্রস্তুত প্রক্রিয়ায় অসংগতি দেখা গেছে অভিযোগ করে ঢাকা বিভাগের কমিশনার ও জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন তিনি। নবীউল্লাহ নবীর দাবি, কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব এবং সমন্বিত ফলাফলের মধ্যে একাধিক ক্ষেত্রে গরমিল পাওয়া গেছে, যা চূড়ান্ত ফলাফলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা-৫ আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে ভোট গণনায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে ৮৪, ৮৫, ৮৬, ৮৮, ৮৯, ১১২, ৮০, ৮৩, ১২২, ১১৩, ১১৬, ১০৭, ১০৪, ১০২, ৪৪, ৭৯, ৪৫, ০৬, ৫৩, ৮৭, ৫৭, ৭৪, ৭, ১০, ৪৯, ১১, ১১৫, ৮২, ১২৮ ও ১২৭ নম্বর কেন্দ্র। তিনি এসব কেন্দ্রে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।
তার অভিযোগ, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী নির্ধারিত নিয়ম পুরোপুরি অনুসরণ করা হয়নি। কিছু কেন্দ্রে তার নির্বাচনী এজেন্টদের অনুপস্থিতিতেই ভোট গণনা সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ তোলেন বিএনপি প্রার্থী।
উল্লেখ্য, ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
































