ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

- সর্বশেষ আপডেট ০৩:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 226
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাসচালক মো. রিপন।
এছাড়া মাইক্রোবাসের গুরুতর আহত যাত্রীরা হলেন- ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী টেকেরহাট এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত ও উভয় যানবাহনের পাঁচজনের মতো আহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
































