জিতেও চিন্তায় আর্জেন্টিনা
- সর্বশেষ আপডেট ০৪:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 8
অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর হাঁটুর চোট। তার অবস্থা জানতে শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে দলের শিবিরে নেমে এসেছে উদ্বেগ। হাঁটুর চোটে আক্রান্ত হয়ে ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো।
সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করেন রোমেরো। পরে খেলা চালিয়ে যেতে না পেরে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, রোমেরোর চোটের প্রকৃত অবস্থা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, চোটের গভীরতা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। এটি আগে থেকেই থাকা একটি সমস্যা বলেও উল্লেখ করেন স্কালোনি। তবে তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুতর কিছু নয়।
স্কালোনি আরও বলেন, রোমেরো দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও প্রয়োজনে অন্য খেলোয়াড়রা দায়িত্ব নিতে প্রস্তুত। তারপরও পূর্ণ শক্তির দল পাওয়া সবসময়ই স্বস্তিদায়ক।
জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই কারণে মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচও মিস করেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একই হাঁটুতে আবারও অস্বস্তি অনুভব করেছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রামে রাখা হতে পারে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য থাকবে তার।
এদিকে অধিনায়ক লিওনেল মেসি প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার পাঁচ গোলেই আগেভাগে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রোমেরোর চোট রক্ষণভাগে নতুন উদ্বেগ তৈরি করেছে দলটির জন্য।





































