জামায়াতের নারীবিদ্বেষী রাজনীতি নিয়ে সমালোচনা

- সর্বশেষ আপডেট ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 208

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা। ছবি: সংগৃহীত
সংবিধান ও দেশের প্রচলিত আইন অনুসারে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য কোনো গোষ্ঠীর গঠনতন্ত্রে নারীকে নেতৃত্বে অযোগ্য করার ধারাকে অনুমোদন করা সম্ভব নয়। কিন্তু জামায়াতে ইসলামী দল এই ধূর্ত কৌশল নিয়েছে। দলের গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে দলের আমীর হতে হলে পুরুষ হতে হবে, কারণ থাকলে তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই পেত না এবং রাজনীতিতে অংশগ্রহণও সম্ভব হতো না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, “নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন।” সাম্প্রতিক সময়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বা ‘কামলা’ হিসেবে উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেছেন। বক্তারা উল্লেখ করেন, এ ধরনের বক্তব্য নারীর প্রতি বিদ্বেষ ও অবমাননার প্রকাশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশের মোট কর্মজীবী নারীর সংখ্যা প্রায় ২ কোটি ৩৭ লাখ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যাংকিং, ব্যবসা, প্রযুক্তি ও অন্যান্য খাতের পাশাপাশি রিক্সা, গাড়ি চালনা এবং বিভিন্ন পেশাতেও নারীর উপস্থিতি উল্লেখযোগ্য।
শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নারীরা কখনোই জামায়াতের প্রধান হতে পারবেন না। অথচ দেশের ইতিহাসে নারী প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেছেন এবং জামায়াত সেই সরকারের অংশীদারও ছিলেন। এছাড়া, তিনি স্বীকার করেছেন, তার দল কখনো জাতীয় সংসদে নারী প্রার্থী দেয়নি।
বক্তারা বলেন, জামায়াত এবং তাদের ছোট সঙ্গীদের রাজনৈতিক মানসিকতায় ‘আদর্শ মা ও বোন’ চরিত্রের বাইরে নারীকে ‘খারাপ নারী’ হিসেবে চিহ্নিত করা হয়। কয়েকটি উদাহরণ: বরগুনা-২ আসনে জনসভায় নারীদের ‘বেশ্যা’ হিসেবে উল্লেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেফাজতের সমাবেশে নারীদের গালি, এবং সম্প্রতি ডাকসুর মাধ্যমে ১২০ জন নারী শিক্ষার্থীকে হিজাব বিতরণ।
সংসদ নির্বাচন ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন ও সরকার নারীবিদ্বেষী রাজনীতির বিষয়ে নীরব রয়েছে। বক্তারা দাবি করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে নির্বাচনী প্রচারণায় প্রার্থী বা দলের যেকোনো নারীবিদ্বেষী মন্তব্য ও আচরণের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ধর্মের অপব্যবহার বন্ধ করা হোক।
































