ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 19
নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৪টার দিকে গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। তার বাবা পরিবার ছেড়ে চলে যাওয়ার পর জীবিকার প্রয়োজনে মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।
সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে বিষয়টি তার মা জানতে পারেন এবং সিলেট থেকে এসে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন। পরে গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে পরীক্ষায় তাকে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করা হয়।
এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, র্যাব-১৪ জানিয়েছে, মামলার অগ্রগতি ও পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে আজ দুপুর ১২টায় তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে।



































