চাঁদা না দেওয়ায় শ্যামলী হাউজিংয়ে বাসায় হামলা

- সর্বশেষ আপডেট ১১:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 106
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে চাঁদা না দেওয়ায় একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে একদল সন্ত্রাসী ভবনের প্রধান ফটক ও সিসি ক্যামেরা ভাঙচুর করে বাসায় হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে ভবনের দরজা খুলে দিতে চাপ দেয়। বাসিন্দারা দরজা খুলতে অস্বীকৃতি জানালে তারা প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। একই সঙ্গে ভবনের সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়।
ভবনটির বাসিন্দারা জানান, ৫ আগস্টের পর ভবনটি দখল হয়ে যায়। পরে গত মার্চে আদালতের নির্দেশে মালিকানা বুঝে পান বর্তমান বাসিন্দারা। এরপর থেকে তারা প্রায় আট মাস ধরে সেখানে বসবাস করছেন।
ভবন মালিকের ভাগ্নে ফাহাদ হোসেন বলেন, হামলাকারীরা গেট খুলতে বলে এবং সেখানে থাকতে হলে টাকা দিতে হবে বলে দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা গেট ভেঙে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা গেটে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
ফাহাদের অভিযোগ, সকাল ৬টা ৪৩ মিনিটে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৯টা ৪৩ মিনিটে। এতে হামলার পরও দীর্ঘ সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে বাসিন্দাদের।
ঘটনার পর শ্যামলী হাউজিং এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় জড়িত সন্দেহে কালামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলায় সরাসরি অংশ নেওয়া আরও তিনজন এখনো ধরাছোঁয়ার বাইরে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন বলেন, দখলকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাগুলোতে ডিএমপি পুলিশ গ্রেপ্তার করেছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, মূল রহস্য কী এবং কীভাবে ঘটনাগুলো ঘটেছে—সব বিষয় খতিয়ে দেখে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় সরাসরি জড়িত আরও তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।































