চাঁদপুরে ৩৬ প্রার্থীর মধ্যে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
- সর্বশেষ আপডেট ০১:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 87
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৫ জনই জামানত হারিয়েছেন। মোট প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ৬ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ৫ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৫ জন ও চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৫ জনসহ মোট ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪(৩) ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়-পরাজয়ের কারণে অধিকাংশ প্রার্থী শর্ত পূরণ করতে পারেননি। জেলায় ৫০ হাজারের উপরে ভোট পেয়েছেন ১১ প্রার্থী। বাকী ২৫ জন ১৫ হাজারের নিচে পেয়েছেন ভোট।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, যারা নির্ধারিত ভোটের কম পেয়েছেন তাদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে। প্রত্যেক প্রার্থী মনোনয়ন দাখিলের সময় ৫০ হাজার টাকা করে জামানত দেয়।





























