দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল),রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, বর্তমান সময়ে এমন কোনো নির্দিষ্ট হুমকি বা আশঙ্কা পাওয়া যায়নি যা তাৎক্ষণিক উদ্বেগের কারণ হতে পারে।
তিনি আরও জানান, ঝুঁকি বিবেচনায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, জনস্বার্থ সংশ্লিষ্ট ভবন এবং কৌশলগত এলাকাগুলোতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
সম্প্রতি নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য হামলা পরিকল্পনা নিয়ে পুলিশের সতর্কবার্তা জারির প্রেক্ষাপটে এই মন্তব্য আসে। ওই বার্তায় নির্দিষ্ট কোনো নাম উল্লেখ না থাকলেও কয়েকজন গ্রেপ্তার ব্যক্তির যোগাযোগ নিয়ে তথ্য দেওয়া হয়।
র্যাব জানায়, যেকোনো সম্ভাব্য ঝুঁকি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।