কোরবানির চামড়ার দাম বাড়িয়েছে সরকার
- সর্বশেষ আপডেট ০৫:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 12
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটে গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।
ছাগলের চামড়ার ক্ষেত্রেও নতুন দর ঘোষণা করা হয়েছে। খাসি ছাগলের লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ছাগলের ক্ষেত্রে ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সারা দেশে কার্যকর থাকবে।
মন্ত্রী আরও জানান, চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে এবার ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোরবানির পর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সংশ্লিষ্টরা সঠিকভাবে সংরক্ষণ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারেন।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য চামড়া শিল্পে শৃঙ্খলা ফেরানো এবং মৌসুমভিত্তিক ক্ষতি কমানো বলে মনে করা হচ্ছে।































