ককটেল বিস্ফোরণের পর ঢাবিতে কড়াকড়ি

- সর্বশেষ আপডেট ০২:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 98
টানা কয়েক দিন ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে যানবাহন চলাচল ও বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না।
শনিবার (১৪ নভেম্বর) প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী, অনলাইন শপিংয়ের বাহন এবং সরকারি যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর অফিসে সুপারিশসহ আবেদন জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের দেওয়া নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।
নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

































