এসএসসির তারিখ পরিবর্তন হতে পারে
- সর্বশেষ আপডেট ০৪:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 12
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রমজান, শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন হওয়া এবং জনমত বিবেচনায় অংশীজনদের সঙ্গে পুনরায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ঘোষিত রুটিন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের আগে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ৭ জানুয়ারি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছিল। তবে এ সিদ্ধান্ত নিয়ে নতুন করে নানা মতামত ও আলোচনা সামনে আসায় বিষয়টি আবারও পর্যালোচনার সুযোগ রয়েছে।
তিনি জানান, রমজান মাস বিবেচনায় নিয়ে আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পরিবর্তে জানুয়ারির শুরুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এখন অনেকেই রোজার পর পরীক্ষা শেষ করার পক্ষে মত দিচ্ছেন। এ কারণে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করতে জনমত, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং সিলেবাস সম্পন্ন হওয়ার বিষয়গুলো সমান গুরুত্ব পাবে। সিলেবাস শেষ না করে কোনোভাবেই পরীক্ষা নেওয়া হবে না।
তিনি আরও জানান, সরকার রুটিন ঘোষণা করলেও বর্তমান পরিস্থিতি ও অংশীজনদের মতামতের ভিত্তিতে তা পরিবর্তনের সম্ভাবনা এখনো খোলা রয়েছে। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।





























