এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বদলিতে নতুন নীতিমালা জারি

- সর্বশেষ আপডেট ০৮:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 353
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থায় নতুন কাঠামো এনেছে সরকার। এতে বদলি প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে নির্দিষ্ট শর্ত ও অগ্রাধিকার নীতিমালা যুক্ত করা হয়েছে।
আরও পড়তে পারেন
সরকার দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর জন্য নতুন নীতিমালা জারি করেছে। এ নীতিমালার আওতায় প্রথম যোগদানের পর ন্যূনতম দুই বছর চাকরি পূর্ণ হলে একজন শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন।
‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ নামে এই নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
বুধবার (২০ মে) জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সচিব মো. দাউদ মিয়া। এর মাধ্যমে ২০২৫ সালের পূর্ববর্তী নীতিমালা বাতিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সব এমপিওভুক্ত কারিগরি শিক্ষকের বদলি এখন থেকে অনলাইনে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। অধিদপ্তর প্রথমে শূন্য পদের তালিকা প্রকাশ করে আবেদন আহ্বান করবে। একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে পছন্দের আবেদন জানাতে পারবেন।
নীতিমালায় আরও বলা হয়েছে, বদলির পর নতুন কর্মস্থলে যোগদানের পর অন্তত দুই বছর না কাটলে পুনরায় আবেদন করা যাবে না। একজন শিক্ষক বা কর্মচারী তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে আলাদা বিবেচনায় আবেদন করা যাবে। কোনো শিক্ষক যদি এমপিও স্থগিত, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলার আওতায় থাকেন, তবে তিনি বদলির জন্য অযোগ্য বলে গণ্য হবেন।
একই শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন এলে সফটওয়্যার নির্ধারিত কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করবে। এর মধ্যে রয়েছে নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থলের অবস্থান এবং জ্যেষ্ঠতা। দূরত্ব নির্ধারণে সরকারি মানদণ্ড অনুসরণ করা হবে।
নীতিমালা অনুযায়ী, এক প্রতিষ্ঠানে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলি হতে পারবেন এবং একই বিষয়ের ক্ষেত্রে একাধিক শিক্ষক বদলি করা যাবে না।
শিক্ষকরা প্রথমে নিজ জেলার ভেতরে বদলির আবেদন করতে পারবেন। সেখানে পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করার সুযোগ থাকবে। আন্তঃবিভাগীয় বদলির দায়িত্ব আঞ্চলিক পরিচালক ও মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে। তবে জনস্বার্থে সরকার যেকোনো সময় যেকোনো শিক্ষককে বদলি করার ক্ষমতা সংরক্ষণ করেছে।
নতুন ব্যবস্থায় বদলিকৃত শিক্ষকের ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে অনলাইনে স্থানান্তর হবে। এতে এমপিও সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা আগের মতোই বহাল থাকবে। বদলির আদেশের পর ১০ দিনের মধ্যে অবমুক্তি সম্পন্ন করতে হবে এবং এরপর ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। অবমুক্তির পর থেকে যোগদান পর্যন্ত সময়ও চাকরিকাল হিসেবে গণ্য হবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965






























