এক সপ্তাহেই শতভাগ শিশু হামের টিকার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৫:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 24
দেশে হামের টিকাদান কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, আগামী এক সপ্তাহের মধ্যেই সব শিশুকে এই টিকার আওতায় আনা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় বিপুল পরিমাণ জিনএক্সপার্ট কার্টিজ এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া গেছে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তাঁর ভাষায়, ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই; বরং সব সরঞ্জাম দ্রুতই সারা দেশে পৌঁছে যাবে।
টিকা সংকট নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে তিনি ভুল তথ্যভিত্তিক বলে উল্লেখ করেন। তাঁর দাবি, কিছু ক্ষেত্রে তথ্য যাচাই না করেই বিভ্রান্তি তৈরি হয়েছে, তবে বাস্তবে দেশে পোলিও ভ্যাকসিনের কোনো সংকট নেই।
হাম প্রতিরোধ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘ বিরতির পর জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই অগ্রগতি সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শুরুতে নির্ধারিত সময় অনুযায়ী আগামী মাসে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে। ইতোমধ্যে ২০ এপ্রিল থেকে কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে অন্তর্ভুক্ত ৩০টি উপজেলায় এখন আর কোনো হাম রোগী শনাক্ত হয়নি, যা টিকাদান কর্মসূচির কার্যকারিতা নির্দেশ করে বলে তিনি মনে করেন।
ডেঙ্গু পরিস্থিতি ও রোগী ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের চাপ কমাতে অস্থায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
































