উপহার হিসেবে ডিভোর্সের নোটিশ পেয়েছিলেন অথিনেত্রি সেলিনা জেটলি

- সর্বশেষ আপডেট ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 340
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়েই বেশি আলোচনায় থাকেন। এবার তিনি প্রকাশ্যে এনেছেন জীবনের এক চরম ও বেদনাদায়ক অধ্যায়—বিবাহবার্ষিকীর দিনে স্বামীর কাছ থেকে পাওয়া ডিভোর্সের নোটিশ এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতার কথা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের জীবনের এই অন্ধকার সময়ের কথা তুলে ধরেছেন সেলিনা। সেখানে তিনি জানান, বিয়ের ১৫তম বার্ষিকীর শুভ দিনে স্বামী পিটার হাগের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পান বিচ্ছেদের আইনি নোটিশ।
সেলিনার ভাষ্য অনুযায়ী, পিটার তাকে জানিয়েছিলেন—বিবাহবার্ষিকীর বিশেষ উপহার কিনতে কাছের একটি পোস্ট অফিসে যাবেন। ভালোবাসার প্রকাশ হিসেবে নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে সেখানে নিয়ে যান তিনি। তবে সেই আনন্দঘন মুহূর্ত এক নিমেষেই বিষাদে পরিণত হয়, যখন কোনো গয়না বা স্মারকের বদলে সেলিনার হাতে তুলে দেওয়া হয় ডিভোর্সের কাগজপত্র।
শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ছাড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “২০২৫ সালের ১১ অক্টোবর, রাত ১টা। নিজের সম্মান ও সন্তানদের নিরাপত্তার কথা ভেবে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হই। সেই সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল খুব অল্প টাকা। সেই সম্বল নিয়েই ভারতে নিজের বাড়িতে ফিরে আসি।”
সেলিনা আরও দাবি করেন, বিয়ের বহু আগে, ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তির ওপরও অধিকার দাবি করেছেন পিটার। পাশাপাশি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সন্তানদের মানসিকভাবে প্রভাবিত করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে—এমন গুরুতর অভিযোগও তুলেছেন অভিনেত্রী।
এই পরিস্থিতিতে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান সেলিনা জেটলি।





































